কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ মামলায় এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা ৩টায় কুষ্টিয়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. আব্দুল মজিদ।
যাবজ্জীবন দণ্ড পাওয়া মো. একরাম মোল্লা (৭৪) উপজেলার গোসাইপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে পিপি আব্দুল মজিদ বলেন, একরাম মোল্লার বাড়িতে আশ্রয় নেওয়া ১৪ বছরের মানসিক প্রতিবন্ধী মেয়েটিকে ২০২০ সালের ১০ অক্টোবর সকাল ৭টার দিকে ধর্ষণ করা হয়। পরে মেয়েটি বিষয়টি তার মায়ের কাছে খুলে বলে।
ঘটনা শোনার পর ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ভেড়ামারায় থানায় একরাম মোল্লার বিরুদ্ধে মামলা করেন বলে জানান তিনি।
তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর ভেড়ামারা থানার তৎকালীন এসআই মো. জাহাঙ্গীর আলম আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান পিপি।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মজিদ।