মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’। গতকাল জেলার অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে তৈরি হয় সম্প্রীতির এক অনন্য মিলনমেলা।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথের। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমপ্লেক্সের অধ্যক্ষ ও পরিচালক করুণানন্দ থের।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মুন্সীগঞ্জের বজ্রযোগিনীতে জন্ম নেওয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের মানবতাবাদী আদর্শ ও গৌতম বুদ্ধের দর্শন অনুসরণ করে মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা জরুরি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম)। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে এইচডব্লিউপিএল ও বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সংগঠন দুটির কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম বলেন, সম্মেলনটি সফল করতে তিন মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ সময় তিনি অনুষ্ঠান আয়োজনের জন্য কমপ্লেক্সের পরিচালক করুণানন্দ থেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ সম্মেলন সম্প্রীতি, মানবতা ও সাম্প্রদায়িক সহাবস্থানের এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।