মো: রেজাউল ইসলাম, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তরুণ রাজনীতিবিদ, সাবেক ছাত্রদল নেতা এবং বৃহত্তর সামাজিক সংগঠন ‘লংলা ইউনাইটেড’-এর সভাপতি নবাব আলী হাসিব খান। একই সঙ্গে পরীক্ষায় অকৃতকার্য ও প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক বিশেষ বিবৃতিতে নবাব আলী হাসিব খান সফল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এইচএসসি পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে, তাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অর্জিত সাফল্য আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত সাফল্য বা ব্যর্থতার মাপকাঠি হতে পারে না। তাই হতাশ না হয়ে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। এটি থেমে যাওয়ার সময় নয়, বরং নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর উপযুক্ত সময়।
বিবৃতিতে তিনি আরও বলেন, সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে জীবনের যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। শিক্ষার্থীদের নিয়মিত প্রচেষ্টা ও দৃঢ় মনোবলই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে।
পরিশেষে তিনি শিক্ষার্থীদের সাফল্য, সুন্দর ভবিষ্যৎ ও সমৃদ্ধ জীবন কামনা করেন। পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে একটি সুন্দর, সম্ভাবনাময় ও সফল সমাজ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।