সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলি, স্বনির্ভর ও দুর্যোগসহনশীল জনগোষ্ঠী গড়ে তুলি।
বিশ্ব সঞ্চয় দিবস ২০২৬ উপলক্ষে ৩১ অক্টোবর ২০২৬ তারিখে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদে সুন্দরবন কোয়ালিশনের উদ্যোগে এবং কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিবিডিপি) বাস্তবায়নে স্বনির্ভর দলগুলোর মধ্যে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
এ কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল স্বনির্ভর দলগুলোর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, দলীয় সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং সদস্যদের মধ্যে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা।
অনুষ্ঠানে সিবিডিপির নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন মিরাজ স্বনির্ভর দলগুলোর সদস্যদের উদ্দেশ্যে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, জরুরি প্রয়োজনে নিজস্ব সঞ্চয়ের ওপর নির্ভরশীল হওয়া এবং দলীয় উদ্যোগকে আরও শক্তিশালী করার বিষয়ে সদস্যদের উৎসাহিত করেন।
এ কার্যক্রমের আওতায় প্রতিটি স্বনির্ভর দলকে দলীয় নথিপত্র ও প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণের জন্য ১টি ট্রাংক, ১টি ত্রিপল, ৩টি তালা এবং প্রতীকী সঞ্চয় উপকরণ হিসেবে ১টি মাটির ব্যাংক প্রদান করা হয়। প্রতিটি দল থেকে দুজন করে প্রতিনিধি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিতরণকৃত উপকরণগুলো দলীয় সম্পদ সংরক্ষণ, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং দলগুলোর কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। পাশাপাশি মাটির ব্যাংক বিতরণের মাধ্যমে সদস্যদের মধ্যে নিয়মিত সঞ্চয়চর্চা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিবিডিপির নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন মিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মোঃ ইব্রাহিম খান ও জনাব মোঃ মতিউর রহমান পাটোয়ারী। আরও উপস্থিত ছিলেন সুন্দরবন কোয়ালিশন, সিবিডিপির ফোকাল পারসন জনাব মোঃ রিয়াজুল ইসলাম এবং প্রজেক্ট অফিসার জনাব আমিরুল ইসলাম।
LLDRR প্রকল্পটি মার্গারেট এ. কারগিল ফিলানথ্রপি (MACP)-এর অর্থায়নে, The Share Trust Inc.-এর সহযোগিতায় এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পে হোস্ট সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে আভাস (AVAS)।
নিয়মিত সঞ্চয়, শক্তিশালী সংগঠন ও স্থানীয় নেতৃত্বের বিকাশের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীকে আরও স্বনির্ভর ও দুর্যোগসহনশীল করে তোলাই আমাদের সম্মিলিত অঙ্গীকার।