দলের দুঃসময়ে যারা রাজপথে ছিল, মামলা-হামলা, নির্যাতন ও প্রতিকূলতা উপেক্ষা করে দলকে আঁকড়ে ধরে রেখেছিল, আজ তাদের পজিশনের অজুহাত দেখিয়ে দূরে সরিয়ে রাখছেন? সমস্যা নেই। তবে মনে রাখতে হবে, রাজনীতি শুধু পদ-পদবি আর ক্ষমতার হিসাব নয়; রাজনীতি হলো ত্যাগ, সাহস, আনুগত্য ও পরীক্ষিত নেতৃত্বের সমন্বয়।
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশকে ঘিরে ভয়ংকর কোনো পরিকল্পনা করছে কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। গোয়েন্দা সংস্থার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলেই পরিস্থিতির গভীরতা সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।
প্রশ্ন হলো, ৫ আগস্টের পর যারা দলের সঙ্গে যুক্ত হয়ে সুবিধা নিচ্ছে, সেই সুবিধাবাদী গোষ্ঠীকে দিয়ে কি পলাতক ফ্যাসিস্ট শক্তি ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলা করা সম্ভব?
দলের দুঃসময়ে রাজপথে লড়াই করা, পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে কোনো সংকট মোকাবিলা করা যায় না। বরং অতীতের আন্দোলন-সংগ্রামে যারা নিজেদের যোগ্যতা ও আনুগত্যের প্রমাণ দিয়েছে, তাদের ঐক্যবদ্ধ করেই দলকে শক্তিশালী করতে হবে।
মনে রাখতে হবে, পরিস্থিতি সামান্য প্রতিকূল হলেই সুবিধাবাদীরা নিজেদের নিরাপত্তার পথ খুঁজবে। কিন্তু দলের নিবেদিতপ্রাণ নেতা-কর্মীরা সংকটের মুহূর্তেও দল ও দেশের পাশে থাকবে।
সুবিধাবাদীরা সুসময়ের সঙ্গী, আর ত্যাগীরা দুঃসময়ের শক্তি।
তাই সময় থাকতে পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করুন। দলকে শক্তিশালী করুন, দেশবিরোধী সন্ত্রাস ও যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনসম্মত ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন।
অন্যথায়, আজকের অবমূল্যায়নের খেসারত আগামী দিনে পুরো দলকেই দিতে হতে পারে।
ইনশাআল্লাহ, দুঃসময়ের রাজপথের যোদ্ধারাই শেষ পর্যন্ত দল ও দেশের পাশে থাকবে।