কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। সম্ভাব্য শূন্য আসনকে ঘিরে রাজনৈতিক সমীকরণে আলোচনায় উঠে এসেছেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।
দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং একাধিকবার কারাবরণের অভিজ্ঞতার কারণে করিমগঞ্জ-তাড়াইলের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ মাসুদ সুমন। তাঁর সমর্থক ও অনুসারীদের প্রত্যাশা, ভবিষ্যতে আসনটিতে নেতৃত্বের আলোচনায় কর্মীবান্ধব এই নেতাকে গুরুত্ব দেওয়া হবে।
স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে, আসন্ন সময়ে এই আসনে দলীয় মনোনয়ন কিংবা নেতৃত্বের দায়িত্ব কার হাতে যাবে। বিশেষ করে করিমগঞ্জ ও তাড়াইলের তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা নেতৃত্বই এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন।
মাসুদ সুমনের অনুসারীদের ভাষ্য, তিনি শুধু একজন দলীয় নেতা নন, বরং তৃণমূলের নেতাকর্মীদের কাছে একজন কর্মীবান্ধব সংগঠক। রাজনৈতিক প্রতিকূলতা ও নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। বারবার কারাবরণের অভিজ্ঞতাও তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম আলোচিত অধ্যায়।
তাঁদের প্রত্যাশা, করিমগঞ্জ-তাড়াইলের মানুষের প্রত্যাশা পূরণে একজন ত্যাগী, সাহসী ও কর্মীবান্ধব নেতাকে রাজনৈতিক অভিভাবক হিসেবে পাওয়া প্রয়োজন। সেই প্রত্যাশার জায়গা থেকেই আলোচনায় উঠে আসছে আব্দুল্লাহ আল মাসুদ সুমনের নাম।
ওসমান ফারুকের পদত্যাগে আসনটি শূন্য
উল্লেখ্য, শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজনে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। ১৭ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার তাঁর পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি সংসদকে জানান। স্পিকারের ঘোষণা অনুযায়ী, ১৫ নভেম্বর থেকেই কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। এর আগে ২০০১ সালে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
এখন দেখার বিষয়, শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ আসনকে ঘিরে বিএনপির পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত কী হয় এবং সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় আব্দুল্লাহ আল মাসুদ সুমনের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়।