মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাতিবিলা পুকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাতিবিলা পুকুরপাড়া এলাকার মো. নুর কুদ্দুসের ছেলে মাসুম বিল্লাল (শান্ত) এবং মহেশপুরের জমিদারপাড়া এলাকার মনসুর আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব।
পুলিশ জানায়, ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে এসআই হিমানিষ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পাতিবিলা পুকুরপাড়া এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়।
অভিযানে মাসুম বিল্লালের বসতঘরের সামনের ফাঁকা জায়গা থেকে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৬০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৬০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।