ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ সময় কৌশল অবলম্বন করে ঘটনাস্থল থেকে এক সহযোগী পালিয়ে গেছে।
রোববার (২৩ আগস্ট) রাতে উপজেলার ১২ নম্বর আজমপুর ইউনিয়নের আজমপুর মন্ডলপাড়া এলাকায় মহেশপুর-জামতলা পাকা রাস্তার ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তরুণের নাম মো. আসিফ (২০)। তিনি মহেশপুর উপজেলার আজমপুর এলাকার রবিউল ইসলামের ছেলে। পালিয়ে যাওয়া আসামির নাম মো. রানা (২৫)। তিনি একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে মহেশপুর থানা-পুলিশের একটি বিশেষ দল এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে অভিযান চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে রাত ৮টা ১৫ মিনিটের দিকে মন্ডলপাড়া এলাকায় পাকা রাস্তার ওপর পৌঁছালে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসিফকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তবে রানা নামের অপর তরুণ কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে আসিফের দেহ তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের পকেট থেকে ২০ পিস হালকা গোলাপী রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসিফ ও পলাতক রানার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা (মামলা নং-৩৩) করা হয়েছে। গ্রেপ্তার আসামীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে মহেশপুর থানা-পুলিশের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান বজায় থাকবে বলেও জানান তিনি।