ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ‘শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হাসান।বিশেষ অতিথি হিসেবে ঝিনাইদহ পুলিশ সুপার আশিস বিন হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওলিউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেছপাতি খাতুন সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।কুরআন তেলওয়াত করেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাইমা জাহান নোহা এবং গীতা পাঠ করেন শুভশ্রী কুন্তু। অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে অতিথিরা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীরা গানের তালে নৃত্য প্রদর্শন করে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শামী ইসলাম তার অনুভূতি প্রকাশে বলেন, ” আজ এখানে শুধু বৃত্তির সংবর্ধনা গ্রহণ করতে আসিনি বরং আমার দীর্ঘ পরিশ্রম, আমার স্বপ্ন এবং আমার পরিবার ও শিক্ষক-শিক্ষিকাদের ভালোবাসার স্বীকৃতি গ্রহণ করতে এসেছি। বৃত্তিপ্রাপ্তদের হাতে যে সম্মান বা পদক উঠেছে, এটা সামনে নতুন বড় স্বপ্ন দেখার একটা অনুপ্রেরণা। স্বপ্ন বড় দেখা উচিত এবং স্বপ্নটা পূরণ করার জন্য প্রয়োজন সাহস, পরিশ্রম আর নিজের ওপর বিশ্বাস।”
প্রধান শিক্ষক লেছপাতি খাতুন বলেন,” আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখে যাচ্ছে।এইবারে ৭২ জনের মধ্যে ৪২ জন বৃত্তিপ্রাপ্ত হয়েছে।৩৬ জন ট্যালেন্টপুল বৃত্তি এবং ৬ জন সাধারণ বৃত্তিপ্রাপ্ত।এছাড়া আমাদের বিদ্যালয় উপজেলার মধ্যে ৮ বার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। ”
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নোমান হাসান বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“বাচ্চাদের নাচ দেখে মুগ্ধ হয়েছি।ওরা খুব আগ্রহ সহকারে সেজে এসেছে নাচটির জন্য।তবে আগামীতে আমরা ওদের নাচের একটি বড় প্রোগ্রাম করবো। ”
তিনি বিদ্যালয়ের সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের এই সাফল্যের পাশাপাশি এসএসসি,এইচএসসি-তেও ভালো ফলাফল করে জীবনে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।’