বাগেরহাটের চিতলমারী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—চিতলমারী ক্লিনিক এবং অসিত বাগচীর ব্যবসাপ্রতিষ্ঠান।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
অভিযানের বিষয়ে ইউএনও খাদিজা আক্তার বলেন, অনিয়ম ঠেকাতে ও জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস এম আরজান আলী, বাগেরহাট জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক এবং স্যানিটারি পরিদর্শক মো. রিয়াজুল হক তালুকদার। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আদালতকে সার্বিক সহায়তা করেন।