ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছায়া জাতিসংঘ সংস্থা (IUMUNA)-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মান্নান লুমান সভাপতি এবং একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী রওনক খান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিসি’র দ্বিতীয় তলায় ঐক্যমঞ্চ কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে মেহরাজ বিন আলম ও মিথিলা ফারজানা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এসরাত জাহান প্রমি এবং সাংগঠনিক সম্পাদক পদে দানিয়াল রহমান আলিফ মনোনীত হয়েছেন।
এছাড়া বিভিন্ন বিভাগের পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন—ব্র্যান্ডিং অ্যান্ড মিডিয়া পরিচালক হিসেবে আশরাফুল হক ও সিরাতুল মুস্তাকিম আদর, অ্যাকাডেমিকস পরিচালক পদে মোছা. শাকিরা ইসলাম ও সাজিদ বিন হুদা, কনফারেন্স ম্যানেজমেন্ট পরিচালক পদে জুনায়েদুল হাবীব মানিক ও সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ, পাবলিক রিলেশন্স পরিচালক পদে সানজিদা সারোয়ার, এস এম শাফি ও মারিয়া চৌধুরী, কর্পোরেট অ্যাফেয়ার্স পরিচালক হিসেবে শাহরিয়ার সিনহা ও মাহবুবা তানজিম এবং অর্থ পরিচালক পদে সৈয়দ সাজিদ হোসেন।
দায়িত্ব পেয়ে নতুন সভাপতি আব্দুল মান্নান লুমান বলেন, বিদায়ী পরিচালনা পর্ষদের নিরলস পরিশ্রম ও সফলতার ধারাকে আমরা সামনে এগিয়ে নিতে চাই। আমাদের লক্ষ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে ছায়া জাতিসংঘ (MUN) বিষয়ক ধারাবাহিক কর্মশালা আয়োজন করা, যাতে সকল শিক্ষার্থী আন্তর্জাতিক বিষয়াবলি ও কূটনৈতিক দক্ষতা অর্জনের সুযোগ পান। এছাড়া এ বছরই একটি জাতীয় পর্যায়ের ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সাধারণ সম্পাদক রওনক খান বলেন, বিদায়ী পরিচালনা পর্ষদের রেখে যাওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও শিক্ষার্থীবান্ধব নতুন উদ্যোগ গ্রহণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।
এদিকে, সংগঠনের সাংগঠনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম আরও গতিশীল করতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি (AIS) বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেনকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে আইইউমুনা। অনুষ্ঠানে সদ্য সাবেক উপদেষ্টা ড. কাজী মোস্তফা আরিফসহ সংগঠনের সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।