মুনতাসির ইসলাম সুয়াদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার বিভিন্ন এলাকার বিকাশের দোকানকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা স্বামী-স্ত্রী।
পুলিশ জানায়, প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকার একটি প্রতারণার মামলার তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান মেলে। দীর্ঘদিন ধরে তাদের খুঁজছিল ডিবি পুলিশ। অবশেষে ঢাকার বাসাবো এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তদন্তে বেরিয়ে এসেছে, শুধু একটি-দুটি নয়, জামালপুরের বিভিন্ন এলাকার একাধিক বিকাশের দোকান থেকে কৌশলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই চক্রে আরও সদস্য জড়িত রয়েছে বলে পুলিশের কাছে তথ্য আছে।
এ বিষয়ে ডিবি পুলিশের এক কর্মকর্তা বলেন, “প্রতারক চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
সাধারণ মানুষের দাবি: প্রতারণার সঙ্গে জড়িত প্রত্যেক সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। একইসাথে বিকাশ ব্যবসায়ীসহ সবাইকে অপরিচিত ব্যক্তি ও সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।