সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (মেহেদী)কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (মেহেদী)কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত ২৩ আগস্ট ভোরে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার কেজি ঘোড়ার মাংসসহ পাঁচজনকে আটক করে পুলিশ। একই ঘটনায় স্থানীয়রা ঘোড়ার মাংস বিক্রির চক্রের আরও চার সদস্যকে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করার কথা বলে নিয়ে গিয়ে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে ছাত্রদল নেতা মাহমুদুল হাসান (মেহেদীর) বিরুদ্ধে।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জামালপুরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মাহমুদুল হাসান (মেহেদী)। তিনি বলেন, “আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। কিছু মানুষের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান শুমিল বলেন, বিষয়টি গণমাধ্যমে প্রচার হওয়ার পর কেন্দ্রীয় ছাত্রদলের নজরে আসে। কেন্দ্র থেকে মেহেদীর বক্তব্যও শোনা হয়েছে। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।