নীলফামারীর ডিমলা উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোঃ হাবিবুর রহমান হাবিবসহ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত হাবিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৭ নম্বর খালিশা চাপানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মোঃ জিয়াউর রহমান জিয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান হাবিবের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল অপর পক্ষের। ঘটনার দিন বিরোধের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়।
অভিযোগ রয়েছে, এ সময় মোঃ ফজলুর রহমানের ছেলেসহ সাতজন মিলে হাবিবুর রহমান হাবিবের ওপর অতর্কিত হামলা চালান। এতে মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ জিয়াউর রহমান জিয়াসহ কয়েকজন আহত হন।
আহতদের প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে হাবিবুর রহমান হাবিবের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।