কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
মাগুরার আলোচিত ৮ বছর বয়সী শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট বলেন, মিডিয়ায় যাই হোক না কেন, কোনো মামলার বিচারকাজে তাড়াহুড়ো করা উচিত নয়। এ সময় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতকে জানান, মামলার সব পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
এর আগে গত ২৫ আগস্ট রায় ঘোষণার দিন পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছিল। গত ২৩ আগস্ট হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৫ মার্চ রাতে ৮ বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। তার বোনের শ্বশুর হিটু শেখ ধর্ষণের পাশাপাশি শিশুটিকে হত্যারও চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ চার আসামিকেই গ্রেপ্তার করে।
২০২৫ সালের ১৩ এপ্রিল মামলাটির অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মাত্র ১০ দিনের ব্যবধানে শুরু হয় বিচারিক কার্যক্রম। ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। মাত্র ১৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৭ মে রায় ঘোষণা করা হয়।
রায়ে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।
হাইকোর্টের আজকের রায়ের ফলে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল থাকল।