প্রিয়জনের লাশ নিয়ে লাশবাহী গাড়িতে ফিরছিলেন স্বজনরা। শোকাহত পরিবারটির সেই ফেরার পথেই নেমে এলো আরেক দুঃসহ বিপর্যয়। লাশবাহী গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৮ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বজনরা প্রিয়জনের মরদেহ নিয়ে লাশবাহী গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তালবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে লাশবাহী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা ৮ জন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত ৮ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।