নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ সদর থানার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ডিবির একটি অভিযানিক দল জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রাখা হয়েছে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান ওরফে রুবেলকে আটক করা হয়।
এ সময় তাঁর শয়নকক্ষ তল্লাশি করে একটি টিনের বড় বাক্সের ভেতর থেকে ১১টি প্যাকেটে রাখা ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি প্যাকেটে চার কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি প্যাকেটে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল।
গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রুবেল আরও একজনের যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে কাজ করছিলেন। দীর্ঘ প্রায় দুই মাসের প্রচেষ্টার পর জেলা পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাঁর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।