বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হন। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক সুলাইমান কবিরের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্যামনগর বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোহাম্মদ মনিরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আসেক এলাহী মুন্না, মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন ঝর্ণা, উপজেলা বিএনপির নেতা শাহ আলম, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল চেতনার মধ্যে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আদর্শ ও সাংগঠনিক ঐক্যকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিগত সময়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। দলের স্বার্থে ব্যক্তিগত মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান ও আদর্শের কথা স্মরণ করেন। একই সঙ্গে বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রয়াত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৯ বছর পর বিএনপি সরকার গঠন করেছে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে শ্যামনগরের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে। পরে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।