বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মহেশপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) জনাব মো. রাশেদ খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ড. মো. নান্নু মিয়া, মহেশপুর পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, মহেশপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান এবং ঝিনাইদহ জেলা মহিলা দলের আহ্বায়ক কামরু নাহার লিজি।
আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মহেশপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, সংগ্রাম ও ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
৪৮ বছরের গৌরব, সংগ্রাম ও ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারী নেতাকর্মীরা।