সাতক্ষীরার শ্যামনগরে ওয়ারেশ সূত্রে পাওয়া জমি জবরদখলের চেষ্টা, হুমকি ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ৭৭ বছর বয়সী দীপ্তি রানী মন্ডল। নিজের ওয়ারেশ সূত্রে পাওয়া সম্পত্তি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ধানখালী গ্রামের বাসিন্দা দীপ্তি রানী মন্ডল।
লিখিত বক্তব্যে দীপ্তি রানী মন্ডল বলেন, ওয়ারেশ সূত্রে পাওয়া প্রায় ১ দশমিক ২৩ একর সম্পত্তি দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবারের সদস্যরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। ওই সম্পত্তির কিছু অংশ বিলান এবং কিছু অংশ ভিটাবাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সম্পত্তির মালিকানা ও ওয়ারেশ সূত্র সম্পর্কে তিনি বলেন, তার ঠাকুরদাদা মৃত যুধিষ্ঠির মন্ডল এসএ খতিয়ানের রেকর্ডীয় মালিক ছিলেন। যুধিষ্ঠির মন্ডলের ছেলে কালিপদ মন্ডল। কালিপদ মন্ডল মৃত্যুকালে ছয় কন্যা রেখে যান। তাদের মধ্যে দীপ্তি রানী মন্ডল একজন। পরবর্তীতে ওয়ারেশ সূত্রে তিনি ও পরিবারের সদস্যরা ওই সম্পত্তির অংশ পান বলে দাবি করেন।
দীপ্তি রানী মন্ডলের অভিযোগ, একই এলাকার দূর্গাপদ মন্ডল, তারক মন্ডল, আব্দুর রহিম গাইন ও রব্বানী গাইনসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার সম্পত্তির একটি অংশ জবরদখলের চেষ্টা করছেন। এ নিয়ে তারা বিভিন্ন সময় তাকে হুমকি-ধামকি দিয়ে আসছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, গত ৬ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা তার তপশিলভুক্ত সম্পত্তির পাশে গিয়ে জমি দখলের চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধরের জন্য উদ্যত হন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে দীপ্তি রানী আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে বলেন, যেকোনো সময় তার সম্পত্তি দখল করে নেওয়া হবে। তাদের কাজে বাধা দিলে মারধর করে গুরুতর জখম বা হত্যা, মিথ্যা মামলায় ফাঁসানো এবং বিভিন্নভাবে ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
ঘটনার সময় স্থানীয় খলিল গাজী, গোলাম রহমানসহ কয়েকজন বিষয়টি জানেন ও শুনেছেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি।
দীপ্তি রানী মন্ডল জানান, বিষয়টি নিয়ে তিনি শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করার জন্য আবেদন করেছেন। নিজের বয়স ও নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় তিনি প্রশাসনের সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে তিনি তার ওয়ারেশ সূত্রে পাওয়া সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা, জবরদখলের চেষ্টা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে নিজের ও সম্পত্তির নিরাপত্তায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।