ঝিনাইদহ মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে রবিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে যাদবপুর মাঝপাড়া গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে। অভিযুক্ত লুৎফর রহমান (৪৫) একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাদবপুর গ্রামে নিহতের ১০ বছরের ছেলে সিফাত ইয়ামিন জিহাদ এবং অভিযুক্ত লুৎফরের ১৩ বছরের ছেলে সোহানুর রহমান সোহানের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বেলা একটার দিকে অভিযুক্ত লুৎফর রহমান বাঁশের লাঠি হাতে নিয়ে শিশু জিহাদকে মারার জন্য ধাওয়া করেন। সন্তানকে বাঁচাতে এ সময় রবিউল ইসলামও তাদের পেছনে যান।
পথিমধ্যে খলিল মণ্ডলের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে পৌঁছালে রবিউল ইসলামের সঙ্গে লুৎফর রহমানের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লুৎফর রহমান তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রবিউল ইসলামের ঘাড়ে ও পিঠে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে বাড়িতে নিয়ে মাথায় পানি দিতে থাকেন। অবস্থার অবনতি হলে স্থানীয় যাদবপুর বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে এবং মরদেহ থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।