স্বপ্ন দেখো-দক্ষ হও, সাফল্য তোমাকেই খুঁজবে” প্রতিপাদ্যকে সামনে রেখে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও ক্যারিয়ার উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারিতে
বাংলা বিভাগের উদ্যোগ ও বাংলা সংসদের সহযোগিতায় দুইটি পর্বে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মনজুর রহমানের
সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ এসময় মূল প্রবন্ধক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ সরওয়ার মুর্শেদ ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন একই বিভাগের অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামান।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রোজী আহমেদের সঞ্চালনায় সেমিনারের প্রথম পর্বে ক্যারিয়ার বিষয়ক আলোচনা করেন একই বিভাগের ছয় প্রাক্তন শিক্ষার্থী। এছাড়া দ্বিতীয় পর্বে বিসিএস প্রস্তুতি নিয়ে বিভাগের ছয় প্রাক্তন শিক্ষার্থী আলোচনা করেন।
আলোচকবৃন্দরা বলেন, বিসিএস পরীক্ষায় সফল হতে সুনির্দিষ্ট লক্ষ্য, পাঠ্যবইভিত্তিক প্রস্তুতি ও ধৈর্য প্রয়োজন। শুধু বাজারভিত্তিক গাইড বইয়ের ওপর নির্ভর না করে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির গণিত, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি পাঠ্যবই আগে শেষ করা উচিত বলে।
এক্ষেত্রে গ্রুপ স্টাডি, ভুল সংশোধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় না করে নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলিতে নজর রাখার পরামর্শ দেন তাঁরা। এছাড়া লিখিত পরীক্ষার কথা মাথায় রেখে প্রিলিমিনারির প্রস্তুতি নিলে দুই ধাপের প্রস্তুতিই একসঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব।
বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মনজুর রহমান বলেন, বিসিএস পরীক্ষার অভিজ্ঞতা ও প্রস্তুতি অনুজ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই মূলত আমাদের এই সেমিনারের আয়োজন। প্রতিযোগিতামূলক পরীক্ষার সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে বিভাগকে এগিয়ে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। এসময় তিনি সেমিনার বাস্তবায়নে বাংলা সংসদের প্রতিনিধি ও শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বিভাগ এ ধরনের গঠনমূলক আয়োজন অব্যাহত রাখবে।