জামালপুর-ঢাকা রুটে রাজিব পরিবহনের একক রাজত্বে ক্ষুব্ধ ও অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো জামালপুরবাসী। লাগামহীন গতি, বেপরোয়া ওভারটেকিং আর প্রতিনিয়ত দুর্ঘটনায় ঝরে যাচ্ছে তাজা প্রাণ। এই অবস্থা থেকে বাঁচতে পূর্ব জামালপুরের হাজারো মানুষ এখন পুরনো ধানসিঁড়ি বাস সার্ভিসটি নরুন্দী থেকে পুনরায় চালু করার জোর দাবি জানিয়েছেন।
নরুন্দী, নান্দিনা, ইটাইল, দেবের বাজার, বাশচরা,ঘোড়াধাপ, তুলসিরচর অঞ্চলের প্রায় ৩ লক্ষ মানুষের ঢাকা যাতায়াতের জন্য এখন একমাত্র ভরসা রাজিব। এই সুযোগে তারা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে, সময় মতো বাস ছাড়ছে না। সবচেয়ে বড় আতঙ্ক বেপরোয়া গতি।
স্থানীয় কৃষক আব্দুল মান্নান বলেন, “ধানসিঁড়ি যখন নরুন্দী থেকে চলতো, আমরা শান্তিতে ঢাকা যাইতাম।কোন অদৃশ্য কারনের জন্য বন্ধ হয়ে যায় তা জানা নেই জামালপুর বাসীর, রাজিব আসার পর থেকে রাস্তায় বের হলেই ভয় লাগে। প্রতিমাসেই এক্সিডেন্ট।”
পূর্ব জামালপুরবাসীর দাবি, ধানসিঁড়ি ছিল এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ বাস। নরুন্দী থেকে ছাড়লে নান্দিনা, কচুয়ারপাড়,নরুন্দী, বাশচরা,তুলসিরচর,ঘোড়াধাপের যাত্রীরা সহজেই উঠতে পারতো।
এলাকাবাসীর পক্ষ থেকে ইটাইল ইউনিয়নের বাসিন্দা বলেন “রাজিবের একক অধিপত্যের কারণে আমরা জিম্মি। প্রতিযোগিতা না থাকলে সেবার মান বাড়ে না। তাই আমরা জেলা প্রশাসক ও বিআরটিএ-র কাছে জোর দাবি জানাই, নরুন্দী থেকে ধানসিঁড়ি বাসটি আবার চালু করা হোক।”
পূর্ব জামালপুরের সর্বস্তরের মানুষের প্রত্যাশা, প্রশাসন দ্রুত এই যৌক্তিক দাবি মেনে নিয়ে সড়কে শৃঙ্খলা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে।