নওগাঁ সদর উপজেলার পয়না বাজারে একটি ডিজিটাল স্টুডিওতে জাল নোট তৈরির অভিযোগে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৭ হাজার টাকার জাল নোটসহ জাল নোট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গত রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পয়না বাজারে অভিযান চালায় নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামে একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় তারিকুল ইসলাম মল্লিককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৪৭ হাজার টাকা।
এ ছাড়া জাল নোট তৈরির কাজে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করেছে ডিবি পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আটক ব্যক্তি এর আগে জাল নোট তৈরি করে বাজারে ছড়িয়েছেন কি না এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য অন্যান্য ব্যক্তি এবং জাল নোট বাজারে ছড়িয়ে পড়ার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।