দায়িত্ববোধ, সততা ও কর্মনিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নেত্রকোনার পৌর প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। গত ৭ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টায় নেত্রকোনা পৌরশহরের ইসলামপুর মোড় থেকে চন্দ্রনাথ স্কুলের গেট পর্যন্ত ২৯০ মিটার দীর্ঘ সড়কের উন্নয়ন ও ঢালাই কাজের মান তদারকিতে ছোট কন্যা,মুনমকে সঙ্গে নিয়ে সরেজমিনে মাঠে নামেন তিনি।
কাজের গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “এটাকে আপনি জনগণের প্রতি দায়বদ্ধতা বা কর্মের দায়বদ্ধতা বলতে পারেন। এখানে নারী হিসেবে নয়, আমি নিজেকে একজন কর্মকর্তা হিসেবে দেখছি। জেন্ডার বড় বিষয় নয়; আমার পদবি অনুযায়ী জনগণের সেবা সুনিশ্চিত করা এবং কাজের গুণগত মান বজায় রাখাই মূল লক্ষ্য।”
এর আগে দুপুরেও একই কাজের রড বাইন্ডিংসহ অন্যান্য বিষয় নিবিড়ভাবে পরিদর্শন করেন এই কর্মকর্তা। স্বচ্ছতা নিশ্চিত করতে ঢালাইয়ের আগেই রড বিছানোর ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করার বিষয়ে তিনি জানান, কেউ কোনো ত্রুটি ধরিয়ে দিলে তা সংশোধন করার সৎ সাহস তার রয়েছে।
দিনভর দাপ্তরিক কাজ শেষে গভীর রাতে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে কাজের তদারকিতে তার এই উপস্থিতি স্থানীয়দের মাঝে গভীর মুগ্ধতার সৃষ্টি করেছে। নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী বলেন, “তিনি অত্যন্ত ডায়নামিক ও নিষ্ঠাবান কর্মকর্তা। রাত জেগে উন্নয়ন কাজ তদারকি করে তিনি দায়িত্বশীলতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা সমাজে ইতিবাচক বার্তা দেয়।”
নেত্রকোনাবাসী মনে করছেন, এমন সৎ ও সাহসী কর্মকর্তাদের তদারকির মাধ্যমেই দেশের উন্নয়নমূলক কাজ টেকসই ও দুর্নীতিমুক্ত হবে