মো: আমিনুল ইসলাম, নাটোর (জেলা) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধা মাকে মারধর করে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টা এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে দুই ছেলে ও দুই পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন উপজেলার নওগ্রাম এলাকার বাবু (৪২), সেলিম (৪০), নাজমা বেগম (৩৮) ও মেরিনা খাতুন (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে শাহানারা খাতুন (৬০)কে মারধর করা হয়। এ সময় তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় শাহানারা খাতুন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযানে নামে।
পরে ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে অভিযান চালিয়ে মামলার চার আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।