আবু জিহাদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনা আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আরমান খোরশেদ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন পল্লবী সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে।
খানাখন্দ, ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া এ সড়কের কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার শত শত পৌরবাসী। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি দিন দিন বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, পল্লবী একটি আবাসিক এলাকা। এ সড়কটি শুধু এলাকার মানুষের চলাচলের পথ নয়, এটি আমতলী আরমান খোরশেদ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর নিয়মিত যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কটির এমন দুরবস্থা হয়েছে যে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচলও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বিভিন্ন অংশে ভাঙাচোরা ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। বৃষ্টির পানি ও কাদায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে শিক্ষার্থীদের পাশাপাশি বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুদের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
শুধু সাধারণ মানুষের চলাচলেই নয়, সড়কটির বেহাল অবস্থার কারণে জরুরি সেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
অত্র এলাকার স্থায়ী বাসিন্দা ও মানবাধিকার কর্মী মো: মাসুম বিল্লাহ বলেন আমাদের এলাকায় অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা গুরুতর অসুস্থ রোগী পরিবহনের প্রয়োজন হলে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন দ্রুত প্রবেশ করতে না পারলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। একইভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশের গাড়িসহ নিরাপত্তা বাহিনীর যানবাহন দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো নিয়েও শঙ্কা রয়েছে।
এ বিষয়ে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মহসিন হাং বলেন, “পল্লবী একটি আবাসিক এলাকা। রাস্তা সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ করে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মনিরুল ইসলাম পাহলান বলেন, “পল্লবীর এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়ে আছে। দ্রুত সংস্কার করা হলে এলাকার সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন এবং তাদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।”
আমতলী আরমান খোরশেদ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, “পল্লবী সড়ক দিয়ে আমাদের বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। রাস্তার অবস্থা ভালো না থাকায় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়কটি দ্রুত সংস্কারের জোর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খান বলেন, “আমতলী পৌরসভার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ চলমান রয়েছে। জনবল সীমাবদ্ধতার কারণে নতুন কিছু কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে অচিরেই আমতলী আরমান খোরশেদ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন পল্লবী সড়কের সংস্কারকাজ শুরু হবে বলে আশা করছি।”
স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল এবং জরুরি সেবা নিশ্চিত করতে পল্লবী সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান করবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।