মোঃ হাসান আলী, স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের মহেশপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোছাঃ স্বপ্না খাতুন।
উপজেলার নেপা ইউনিয়নের মালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে মহেশপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১১টার দিকে মহেশপুর উপজেলার মালবাড়িয়া এলাকার একটি আমবাগানে জমি-জায়গা নিয়ে বিরোধের জের ধরে অভিযোগকারীর স্বামী আহম্মদ আলী শেখের সঙ্গে বিবাদীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ১ নম্বর বিবাদী হাতুড়ি দিয়ে আহম্মদ আলী শেখের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। এ সময় অন্য আসামিরাও তাকে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।
স্বামীর ওপর হামলা দেখে তাকে রক্ষা করতে সুমা খাতুন এগিয়ে গেলে ২ নম্বর আসামি বাঁশের লাঠি দিয়ে তার বাম হাতের আঙুলে আঘাত করে গুরুতর জখম করেন। পরবর্তীতে তাদের রক্ষায় এগিয়ে আসা ননদ মোছাঃ জরিনা খাতুনকেও মারধর করা হয় এবং আসামিদের হামলায় তার দাঁত ভেঙে গুরুতর জখম হয়।
পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত মহেশপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ ঘটনার বিষয়ে অভিযুক্তদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।