আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানার গৌরব অর্জন করেছে মহেশপুর থানা।
সোমবার ঝিনাইদহ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত মাসিক কল্যাণ সভা ও মাস্টার প্যারেডে এই কৃতিত্বপূর্ণ অর্জনের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্যারেডের সালামী গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা।
প্যারেড পরবর্তী মাসিক কল্যাণ সভায় মহেশপুর থানার সার্বিক কার্যকমের প্রশংসা করা হয়। পরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ মহেশপুর থানার পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও নগদ অর্থ পুরস্কার গ্রহণ করেন থানা প্রতিনিধিবৃন্দ। পুলিশ সুপার মহোদয় স্বহস্তে এই পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। মহেশপুর থানা পুলিশের প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রম, পেশাদারিত্ব এবং সাহসিকতার ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, মহেশপুর থানা জেলা পুলিশের শ্রেষ্ঠ হওয়ায় এলাকার সুধী সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও পুলিশ সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।