ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর)-এর নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে ইনস্টিটিউটের অধীনে পরিচালিত বিএড, এমএড ও বিএমএড প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সেমিনার কক্ষে এ আয়োজন হয়।
এসময় আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। এছাড়া, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, শিক্ষা পরিবেশ ও ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের দায়িত্ব, নিয়ম-কানুন ও একাডেমিক অগ্রগতির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘শিক্ষকতা শুধু পেশা নয়, এটি এক মহান দায়িত্ব। কেবল বেতন-ভাতাকে পেশাগত জীবনের মূল লক্ষ্য বিবেচনা না করে নৈতিক ও কর্মমূখী নাগরিক গড়ে তুলতে হবে। পৃথিবীর বহু মনীষী কোনো ধরনের স্বার্থ ছাড়াই মানুষ এবং সমাজের কল্যাণে অবদান রেখেছেন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষকতাকে গ্রহণ করতে হবে ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং পরিক্ষায় অসদুপায় পরিহার করে নিজের অর্জিত জ্ঞান শিক্ষাক্ষেত্রে কাজে লাগাতে হবে। আশা করি, আপনারা গুণগত শিক্ষাকে বেশি গুরুত্ব দেবেন।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় ‘ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ’–এর অধীনে শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে।
বিএড, এমএড, বিএমএড, লাইব্রেরি ম্যানেজমেন্টসহ বিভিন্ন পেশাগত দক্ষতা অর্জনে কাজ করে প্রতিষ্ঠানটি।