কাজী সাইমুম সিরাজ, মাগুরা (জেলা) প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর আলম তৈয়ব (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে শত্রুজিৎপুর বাজার এলাকায় জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার সুনলা গ্রামের মৃত কাছেদ শেখের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বারইখালী গ্রামের বারইখালী জামে মসজিদের পশ্চিম পাশে মাগুরা-নড়াইলগামী পাকা সড়কের ওপর জাহাঙ্গীর আলম ইয়াবা বিক্রির করছিলেন। পরে শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শুভংকর রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনেই তার দেহ তল্লাশি করে পরনে থাকা সাদা পাঞ্জাবির ডান পাশের পকেট থেকে সাদা পলিথিনের ১০টি জিপারে রাখা ৫০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
মাগুরার জেলার এএসপি (ক্রাইম) থান্দার খায়রুল ইসলাম বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরোও জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।