নাটোরের লালপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ মোটরসাইকেল চোরচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) তাকে উদ্ধার করা মোটরসাইকেলসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম ইফতেখার আহম্মেদ ফয়সাল নাহিদ (২৬)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানার খামার উল্লাপাড়া (সরাতলী) গ্রামের মো. ইমরুল কায়েসের ছেলে। বর্তমানে তিনি উল্লাপাড়া থানাধীন ঝিকিড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে নাটোর সদর উপজেলার হায়বতপুর গ্রামের বাসিন্দা মো. মিঠু সিকদার (২৩) লালপুর বাজারের ত্রিমোহনী মোড়ে ইলিয়াস আলীর চায়ের দোকানের উত্তর পাশে তার কালো রঙের বাজাজ প্লাটিনা ১১০ সিসি মোটরসাইকেলটি রেখে দোকানের ভেতরে যান। প্রায় আধা ঘণ্টা পর ফিরে এসে তিনি মোটরসাইকেলটি দেখতে পাননি।
এ ঘটনায় তিনি লালপুর থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই (নিঃ) মো. আল মাসুম।
পুলিশ জানায়, তদন্তের সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে লালপুর থানার পালিদেহা (খাঁপাড়া) এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি হেরিংবোন রাস্তা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ ইফতেখার আহম্মেদ ফয়সাল নাহিদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে মোটরসাইকেল চুরির ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।
লালপুর থানার মামলা নং-২৩, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬; ধারা ৩৭৯ পেনাল কোডে মামলাটি দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইফতেখার আহম্মেদ ফয়সাল নাহিদের বিরুদ্ধে লালপুর থানায় ২০২৫ সালের ২৯ ডিসেম্বর দায়ের করা আরও একটি মোটরসাইকেল চুরি মামলা রয়েছে।