যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলাসী (জিয়া খাল) খালের পাড়ে জলবায়ু পরিবর্তনজনিত উপকূলীয় দুর্যোগ প্রশমন ও পরিবেশ সংরক্ষণে বাস্তবায়িত স্ট্রিপ বাগান পরিদর্শন করেছেন পরিবেশমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি (বাগেরহাট-৩)।
আজ বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এবং যশোর সামাজিক বন বিভাগের বাস্তবায়নে ‘প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত উপকূলীয় দুর্যোগ প্রশমন (NBS-SW)’ প্রকল্পের আওতায় উলাসী খালের পাড়ে তিন কিলোমিটার স্ট্রিপ বাগান পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে পরিবেশমন্ত্রী বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় খুলনা বিভাগের সিএফ, যশোরের ডিএফও, এসিএফসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সুবিধাভোগী জনগোষ্ঠী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় উলাসী খালের পাড়ে বিভিন্ন দেশীয় ও উপযোগী প্রজাতির চারা রোপণ করা হয়েছে। এসব প্রজাতির মধ্যে রয়েছে—নিম, অর্জুন, জারুল, চিকরাশি, কদম, ঝাউ, আমড়া, খয়ের, শিশু, উড়িআম, তেঁতুল, জলপাই, হরিতকী, কদবেল, পিটালী, আমলকি, কৃষ্ণচূড়া, সোনালু ও শিলকড়ইসহ বিভিন্ন প্রজাতির গাছ।
সংশ্লিষ্টরা জানান, খালের পাড়ে এ ধরনের বনায়ন একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর পরিবেশগত সুরক্ষা জোরদারে সহায়ক হবে।