আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও খলিফা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মরহুম গাজী মো. মতিয়ার রহমানের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আমতলী ডাকবাংলো হলরুমে আমতলী প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন বিএনপি ও প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, গাজী মো. মতিয়ার রহমান ছিলেন একজন নিবেদিত প্রাণ সংগঠক, সমাজসেবী ও সাংবাদিক বান্ধব ব্যক্তি। মানুষের কল্যাণে তাঁর অবদান এবং সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক তাঁকে সবার মাঝে স্মরণীয় করে রাখবে। তাঁর মৃত্যুতে আমতলীর সামাজিক ও সাংবাদিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিএনপি নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য সাফায়েত আল মামুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।