নাটোরের বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে তিন পিস ইয়াবাসহ মোঃ শাহাদাত হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার যোগীপাড়া বাজারে মেসার্স তাসকিয়া ট্রেডার্স নামের কীটনাশকের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বাগাতিপাড়া মডেল থানার এসআই মোঃ মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটিতে থাকা অবস্থায় শাহাদাতকে সন্দেহ হলে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনের প্যান্টের ডান পকেট থেকে স্বচ্ছ পলিথিনে রাখা তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় শাহাদাতকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। উদ্ধার করা ইয়াবা ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন বাগাতিপাড়া উপজেলার উত্তর কোয়ালী পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। পরে তাকে নাটোর জেলা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।