মো. জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার ১৭ নম্বর নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর কবির (আঃ হাই)। এ লক্ষ্যে তিনি স্থানীয় ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও আশীর্বাদ কামনা করেছেন।
সম্প্রতি প্রকাশিত তাঁর প্রচারপত্রে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে একটি সুস্থ, জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনকল্যাণমুখী ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর কবির ঝিনাইদহ সদর থানা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর ১ নম্বর সদস্য। তিনি ১৭ নম্বর নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী। এছাড়া তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঝিনাইদহ জেলা শাখার সাবেক সহ-সভাপতি এবং ঝিনাইদহ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চেয়ারম্যান পদে নিজের আগ্রহের বিষয়ে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির বলেন, “নলডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও আশীর্বাদ কামনা করছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী ইউনিয়ন পরিষদ গঠনে কাজ করতে চাই।”
তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তাঁর প্রার্থিতার আনুষ্ঠানিক অবস্থান নিশ্চিত হবে।
স্থানীয় পর্যায়ে তাঁর চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।