আবু জিহাদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক প্রকল্পের আওতায় ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্ন্যান্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস এবং সিবিডিপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবু জিহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস। এতে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন সিকদার, সিবিডিপির নির্বাহী পরিচালক ও সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন মিরাজ, আমতলী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. রেজাউল করিম, আমতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী মো. জোসেফ মাহতাব, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মো. আবু সালে মুসা এবং তারুণ্যের আলো যুব ফোরামের সভাপতি মুক্তা রানী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিবিডিপির নির্বাহী পরিচালক ও সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন মিরাজ। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের তাৎপর্য, তথ্য অধিকার আইন, তথ্য প্রাপ্তির নাগরিক অধিকার এবং ডিজিটাল যুগে অপতথ্য প্রতিরোধে সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন তারুণ্যের আলো যুব ফোরামের সভাপতি মুক্তা রানী। প্রেজেন্টেশনের সকল তথ্য উপাত্ত নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা র আয়োজন করা হয়, অংশগ্রহণ কারিদের ভেতর থেকে দশজনকে বিজয়ী ঘোষণা করে তাদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রণজিৎ চন্দ্র দাস বলেন, তথ্য অধিকার শুধু সরকারি নথি বা দাপ্তরিক তথ্য পাওয়ার সুযোগ নয়; এটি নাগরিকের অংশগ্রহণ, জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উপাদান। রাষ্ট্রীয় ও সরকারি কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য জানার সুযোগ থাকলে নাগরিকরা নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হতে পারেন।
তিনি আরও বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে বিভ্রান্তিকর ও অপতথ্যও দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়েছে। তাই সঠিক উৎস থেকে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই এবং দায়িত্বশীলভাবে তথ্য প্রচারের বিষয়ে নাগরিকদের সচেতনতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান ও ব্যবহারিক সক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের সভাপতি মো: জাকির হোসেন বলেন তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য প্রদানের সংস্কৃতি জোরদার এবং নাগরিকদের তথ্য চাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপতথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিক, তরুণ সমাজ, শিক্ষার্থী, নাগরিক সংগঠন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরপাঙ্গাশিয়া ইউনিয়ন ও আমতলী সদর ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি ও সাধারণ সম্পাদক, তারুণ্যের আলো যুব ফোরামের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার চর্চার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল তথ্য ব্যবহারের বিষয়ে সচেতন থাকার প্রত্যয় ব্যক্ত করেন।