আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহাপুর বাজারে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এস এম হোসেন জাফরিন পাশা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহাপুর বাজারে এ গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ী, সাধারণ ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন জাফরিন পাশা। পাশাপাশি তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন।
এস এম হোসেন জাফরিন পাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য। দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের আহ্বানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি হিসেবে তিনি মাঠপর্যায়ে গণসংযোগ শুরু করেছেন বলে জানা গেছে।
গণসংযোগকালে জাফরিন পাশা বলেন, “মান্দারবাড়িয়া ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, নির্বাচনে জনগণের সমর্থন পেলে ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হবে।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।