ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে লোকপ্রশাসন বিভাগকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রম সচল রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত চরিত্র গঠন এবং দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলায় এই বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবে বলে আমাদের প্রত্যাশা।