ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাপুর বাজারে ঐতিহ্যবাহী গ্রামবাংলার জনপ্রিয় খেলা হাডুডু (কাবাডি) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) উপজেলার শাহাপুর বাজার সংলগ্ন ৯০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমজমাট এ খেলার আয়োজন করা হয়।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে আরাধন একাদশ ও বিল্লাল একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। মাঠজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য, কৌশল ও দম ধরে রাখার প্রতিযোগিতা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে পরাজিত করে বিজয়ের হাসি হাসে আরাধন একাদশ।
খেলাটি উপভোগ করতে শাহাপুর বাজার ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী দর্শকের ঢল নামে। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ঘিরে এমন আয়োজন স্থানীয় মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দেশীয় খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।