কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর পুমদী ইউনিয়নের চর পুমদী এলাকার ‘মায়ের দোয়া’ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন—দক্ষিণ চর পুমদী গ্রামের গোলাপ মিয়া (৬০) ও উৎপল মিয়া (২০)। দুজনই ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় কাজ চলাকালে হঠাৎ দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে শ্রমিকরা দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই গোলাপ মিয়া ও উৎপল মিয়ার মৃত্যু হয়। আহত অপর দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।