নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাসুদেবপুর রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
রেলের খালাসি মো. শাহার আলী দুর্ঘটনার বিষয়টি পুলিশকে জানান। পরে নলডাঙ্গা থানার এসআই আব্দুল মালেক পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।
সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) এসআই মাহফুজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য সান্তাহার রেলওয়ে থানায় নেওয়া হয়েছে।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।