কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ ছাত্রশক্তির কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা শাখার আহ্বায়ক আরিফুল হক নওশাদ। এরই মধ্যে ব্যক্তিগত ও অনিবার্য কারণ দেখিয়ে সংগঠনের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) নিজের ফেইসবুক আইডিতে বাংলাদেশ ছাত্রশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি/আহ্বায়ক বরাবর পাঠানো এক পদত্যাগপত্রে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানান।
পদত্যাগপত্রে আরিফুল হক নওশাদ উল্লেখ করেন, তিনি কটিয়াদী উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ব্যক্তিগত ও অনিবার্য কিছু কারণে বর্তমানে তাঁর পক্ষে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি স্বেচ্ছায় ও সজ্ঞানে আহ্বায়ক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে সংগঠনের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা অব্যাহত রাখার কথা উল্লেখ করে বাংলাদেশ ছাত্রশক্তির ভবিষ্যৎ পথচলার সাফল্য কামনা করেন।
সংগঠন সূত্রে জানা যায়, ২০২৬ সালের ২৩ আগস্ট বাংলাদেশ ছাত্রশক্তির কিশোরগঞ্জ জেলা শাখার যুব সংগঠক আলী রায়হান জোহানের সুপারিশক্রমে কটিয়াদী উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এক বছরের জন্য অনুমোদিত ওই কমিটিতে আরিফুল হক নওশাদকে আহ্বায়ক এবং শিহাবুর রহমান অনুজকে সদস্য সচিব করা হয়।
কমিটি গঠনের মাত্র ৭৫ দিনের মাথায় আহ্বায়কের পদত্যাগের ঘটনায় সংগঠনটির উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পরপরই কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান আরিফুল হক নওশাদ। প্রবাসে অবস্থান এবং ব্যক্তিগত পরিস্থিতির কারণে তিনি সাংগঠনিক দায়িত্ব চালিয়ে যেতে পারছেন না বলেই পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।