সাময়িক সাহায্য নয়, দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে রাজধানীর নন্দীপাড়ায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো সচেতন হই সোসাইটি–এসই’। সংগঠনটির ‘সাহায্য নয়, স্বাবলম্বী’ প্রকল্পের আওতায় একটি সেলাই মেশিনকে কেন্দ্র করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এলাকার ১০ জন অতিদরিদ্র নারীকে।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাজধানীর নন্দীপাড়া ৫ নম্বর গলির বস্তি এলাকায় এ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয় উঠান বৈঠক। এতে সেলাই প্রশিক্ষণার্থীসহ এলাকার বাসিন্দারা অংশ নেন।
প্রকল্পের আওতায় ডায়াবেটিসে আক্রান্ত বেদেনা নামের এক নারীকে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে একটি সেলাই মেশিন দেওয়া হয়। সেই মেশিনের মাধ্যমে নিজে সেলাইয়ের কাজ শেখার পাশাপাশি এলাকার আরও ১০ জন নারীকে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। একজনকে সহযোগিতার মাধ্যমে অন্য নারীদের দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের বিশেষত্ব।
উঠান বৈঠকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ প্রতিরোধ এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও ঘরে বসে আয়মূলক কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সমাজকর্মী, জনস্বাস্থ্য পেশাজীবী ও মেন্টাল হেলথ অ্যান্ড সাইকো-সোশ্যাল কাউন্সেলর মোঃ মাজহারুল ইসলাম বলেন, নারীদের শুধু সহায়তা গ্রহণকারী হিসেবে নয়, বরং দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। একজন নারী নিজের দক্ষতা দিয়ে আরও ১০ জনকে প্রশিক্ষণ দিচ্ছেন, যা এ উদ্যোগের অন্যতম সাফল্য।
বৈঠক শেষে প্রশিক্ষণার্থীদের সেলাই কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়।