‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় আমতলী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করা হয়।
আমতলী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল আজিজ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল আহম্মেদ খান এবং আমতলী জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মো. আবু জিহাদ।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সমবায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় অধিদপ্তরের পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবু জাফর পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান। বক্তারা সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার এবং গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা তুলে ধরেন।
তাঁরা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা সম্ভব। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যায়।
বক্তারা সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি সমবায়ের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা ও কর্মশালা শেষে সমবায়ের মাধ্যমে উপকৃত সদস্যদের মধ্যে নগদ অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় উপকারভোগীরা সমবায় কার্যক্রমের মাধ্যমে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের সুযোগ সৃষ্টি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
সমবায় দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে আমতলীতে সমবায় আন্দোলনকে আরও সুসংগঠিত ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।