নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ নভেম্বর) দুপুর ২ টার দিকে দৌলতপুর উপজেলা সদর দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল,মহিলাদল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় “ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না” সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন তারা।
প্রতিবাদ মিছিল শেষে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান ,উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালেহউদ্দিন সেলিম ও সদস্য সচিব আব্দুস ছালাম ।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী,যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হোসেন, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির এলিটসহ থানা ও ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন ছাত্রলীগের কোনো ধরনের নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড দৌলতপুরের মাটিতে কোনভাবেই মেনে নেওয়া হবে না। বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের প্রতিহত করবে।
নেতৃবৃন্দ আরও বলেন, জনগণ বিএনপির সাথে আছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সবসময় প্রস্তুত।