বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে। অ্যাকাউন্টিং ফর গুড গভর্ন্যান্স’ স্লোগানকে সামনে রেখে এ দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ এবং বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির যৌথ উদ্যোগে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে দিবস উপলক্ষে বিভাগে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যবসায় প্রশাসন অনুষদের প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা হিসাববিজ্ঞানের গুরুত্ব, পেশাগত সচেতনতা এবং সুশাসন প্রতিষ্ঠায় হিসাববিজ্ঞানের ভূমিকা তুলে ধরে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মিজানূর রহমান, সহযোগী অধ্যাপক নাজমুল হুদা, সহযোগী অধ্যাপক ড. কামাল উদ্দীন, সহকারী অধ্যাপক ইসরাত জাহানসহ অন্যান্য শিক্ষক ও বিভাগের শিক্ষার্থীরা।
উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবু সিনা বলেন, “একজন অ্যাকাউন্ট্যান্টের শুধু সংখ্যাগত দক্ষতা থাকলেই চলবে না, সত্যতা, স্বচ্ছতা ও নৈতিক দায়িত্ববোধের প্রতিও অঙ্গীকারবদ্ধ হতে হবে। আর্থিক প্রতিবেদন তৈরিতে কোনো ধরনের তথ্য গোপন, বিভ্রান্তিকর উপস্থাপন কিংবা অনৈতিক চর্চার সুযোগ থাকা উচিত নয়। অ্যাকাউন্টিং পেশার সঙ্গে সংশ্লিষ্ট সকলের নৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন এবং স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন নিশ্চিত করা জরুরি।
হিসাববিজ্ঞানের এ ঐতিহ্য তুলে ধরতেই প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, ‘আন্তর্জাতিক হিসাবে হিসাব অ্যাকাউন্টিং হলো ব্যবসার ভাষা। এটি আর্থিক প্রতিবেদন তৈরির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা দেয়। অ্যাকাউন্টিং মূলত স্বচ্ছতা, আস্থা, জবাবদিহি ও সুশাসনের ভাষা। নির্ভরযোগ্য অ্যাকাউন্টিং তথ্য ছাড়া কোনো ব্যবসাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সংস্থার পক্ষে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “একজন বিনিয়োগকারী কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগের আগে জানতে চান, বিনিয়োগ কতটা নিরাপদ, প্রতিষ্ঠানটি লাভজনক কি না এবং ভবিষ্যতে এর সম্ভাবনা কেমন? এসব বিষয় নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন ছাড়া জানা সম্ভব নয়। আর এসব তথ্য সরবরাহের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অ্যাকাউন্টিং।”
উল্লেখ্য, প্রতি বছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে প্রথমবার দিবসটি পালিত হয়। পেশাদার হিসাবরক্ষকদের কাজে উৎসাহ জোগাতে ও তরুণদের এ পেশায় আগ্রহী করে তুলতে বিভিন্ন দেশে এ দিবসটি পালন করা হয়।