মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের মহেশপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভকামনা জানানো হয়েছে। শহীদুল ইসলাম ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মেধা তালিকার শীর্ষে থাকা ১৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।
বুধবার (২৮ অক্টোবর ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শহীদুল ইসলাম ফাউন্ডেশনের সভাপতি মোছাঃ জাহানারা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর। মেধার সঠিক চর্চা ও নৈতিকতার মাধ্যমে তাদের আরও এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম, মহেশপুর পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা পর্বে বক্তারা ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক ক্রেস্ট এবং পুষ্পস্তবক তুলে দেন।