বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আমতলী থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিরস্ত্র) মো. শওকত হোসেনের নেতৃত্বে এএসআই বিএমআর লিমনসহ পুলিশের একটি দল গ্রামের মো. তসলিম মোল্লার বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলম ফকির (৪২) ও মো. ননী খলিফা (৪০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মো. আলম ফকির আমতলী পৌরসভার কালীবাড়ি এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তার ব্যক্তি মো. ননী খলিফার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উত্তর-পশ্চিম চালিতাবুনিয়া এলাকায়।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসেন জানান, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।