মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা কুরিপোল যুবসমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী হাডুডু খেলার আয়োজন ও উদ্বোধন করা হয়েছে।
এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করিয়ে দিতে যুবসমাজের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত অতিথিরা।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, মহেশপুর উপজেলা বিএনপির উপদেষ্টা আশরাফ আলী, নাটিমা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান বুদো, সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ এবং সাধারণ সম্পাদক মহসিন আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মেহেদী মাসুদ।
বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো পুনরুজ্জীবিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
স্থানীয় যুবসমাজের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
গ্রামবাংলার ঐতিহ্য বেঁচে থাকুক, নতুন প্রজন্মের হাত ধরে প্রাণ ফিরে পাক আমাদের চিরচেনা হাডুডু খেলা—এমন প্রত্যাশা আয়োজক ও এলাকাবাসীর।